থানায় লিখিত অভিযোগ
তাহিরপুরে অদ্বৈত মহাপ্রভু জন্মধাম মন্দিরে সভা আহবান নিয়ে দ্বন্দ্ব
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে অবস্থিত শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভু জন্মধাম (পণাতীর্থ) মন্দিরের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভা আহ্বানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে করে মন্দির এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত না করেই কমিটির সহ-সভাপতি মধুসূদন রায় শনিবার (২৭ ডিসেম্বর) একটি সাধারণ সভা আহ্বান করেন। এ ঘটনায় কমিটির সাধারণ সম্পাদক শ্রী অদ্বৈত রায় শুক্রবার তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার সন্ধ্যার পর কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক শ্রী অদ্বৈত রায় এক যৌথ বক্তব্যে জানান, তারা কোনো সাধারণ সভা আহ্বান করেননি। তথাকথিত ও বেআইনি সাধারণ সভায় অংশ না নেওয়ার জন্য সকল সম্মানিত গুণিজন, সুধীজন, শুভানুধ্যায়ী ও ভক্তবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানান তারা।
তারা আরও বলেন, কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বে থাকা অবস্থায় অন্য কারও দ্বারা সাধারণ সভা আহ্বান করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের সভাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সভা আহ্বানকারীদের বহন করতে হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এই মন্দিরের উন্নয়ন ও সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী চক্র দীর্ঘদিন ধরে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর আগেও নিয়মবহির্ভূতভাবে সভা আহ্বানের ঘটনায় তাহিরপুর থানায় ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে জিডি নম্বর ১১২৬ দায়ের করা হয়েছিল বলে তারা জানান।
এ বিষয়ে অভিযুক্ত সহ-সভাপতি মধুসূদন রায় বলেন, “কমিটির সভাপতি ও সম্পাদক নিজেরা নিজেরাই সভা করেন, তারা সামনে আসেন না। এ বিষয়ে আমি থানার ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি। তারা যেমন অভিযোগ দিয়েছে, আমরাও অভিযোগ দেব।”
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। আশা করছি বড় কোনো সমস্যা হবে না। সংশ্লিষ্টরা নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটমাট করবেন।”
এ রহমান
মন্তব্য করুন: