প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন
Led Bottom Ad

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/১২/২০২৫ ১৯:২২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় তাহিরপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা চালিয়ে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা কোনোদিনই সফল হবে না। ইতিহাস সাক্ষী—কোনো কালেই সাংবাদিকতাকে রুদ্ধ করে রাখা যায়নি। বক্তারা আরও বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা যাবে না।

বক্তারা জানান, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। বিপুলসংখ্যক পাঠক এ ঘটনার নিন্দা জানাচ্ছেন। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হচ্ছে।

সমাবেশে আরও বলা হয়, দেশ ও বিদেশে সমাদৃত দুটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের পুড়িয়ে হত্যার চেষ্টা ও কার্যালয়ে অগ্নিসংযোগের মধ্য দিয়ে হামলাকারীরা নিজেদেরই ঘৃণিত করেছে। সাংবাদিকদের ধ্বংস করার চেষ্টা করে কেউ রক্ষা পায়নি—বরং ইতিহাসে তারাই ধ্বংস হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন—প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, দৈনিক জনকণ্ঠের তাহিরপুর প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাসেম, এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, কালবেলার তাহিরপুর প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রামের প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad