হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. জিল্লুর রহমান আজমীকে শোকজ করেছে নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. মেহেদী হাসান সুমনের সই করা এক নোটিশে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ২৭ ডিসেম্বর বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসমাগমের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জিল্লুর রহমান আজমীর অনুদানে বিনা মূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়। কর্মসূচিতে দলীয় ব্যানারসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি ছিল। পাশাপাশি প্রার্থী ও দলের পক্ষে দোয়া কামনাও করা হয়।
নির্বাচন কমিশনের মতে, এসব কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর পরিপন্থী।
এ অবস্থায় কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ৫ জানুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউজের কনফারেন্স কক্ষে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে বিধি অনুযায়ী প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: