‘হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়েই শেষ করতে হবে’
Led Bottom Ad

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন

‘হাওর রক্ষা বাঁধ নির্ধারিত সময়েই শেষ করতে হবে’

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

২৮/১২/২০২৫ ২৩:৫১:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “হাওর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। বাঁধ নির্মাণে কোথাও কোনো ধরনের অনিয়ম, গাফিলতি কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে উপজেলা প্রশাসনকে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

রোববার জামালগঞ্জ উপজেলার হালির হাওরের বেড়িবাঁধ ও বেহেলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাধারণ জনগণের সঙ্গে অবহিতকরণ সভা, হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার উপজেলা প্রশাসন শিশু পার্ক ও সংস্কারকৃত উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। এ ছাড়া তিনি ভীমখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের নথিপত্র এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার বলেন, “হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণ শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এবং সর্বোপরি এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই হাওরের ফসল রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি বা চাপ ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জনস্বার্থ প্রকৌশলী রাম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার ফারজেল হোসেন এবং পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad