সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির নামে দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, বিভ্রান্তিতে নেতাকর্মীরা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির নামে দুইজন প্রার্থী পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
অন্যদিকে একই দিনে বিএনপির নামে দ্বিতীয় মনোনয়নপত্র দাখিল করেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুশাহিদ আলী তালুকদার। তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রকাশিত মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের তালিকায় তার নাম দেখা যায়।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, কলিম উদ্দিন আহমদ মিলনের মনোনয়নের বিষয়ে তারা অবগত থাকলেও মুশাহিদ আলী তালুকদারের মনোনয়ন দাখিলের বিষয়টি তারা আগে জানতেন না।
যুক্তরাজ্য বিএনপি নেতা মোহাম্মদ মুশাহিদ আলী তালুকদার গণমাধ্যমকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে রাজনীতি করে আসছেন এবং একজন দলীয় কর্মী হিসেবে বিএনপির নামে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে দলের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি মেনে নেবেন বলেও জানান।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মনোনয়ন দাখিলের ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: