দোয়ারাবাজারে জাতীয় পানি নীতি প্রণয়ন বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রস্তাবিত জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়ন উপলক্ষে গণশুনানি সংক্রান্ত এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অরূপ রতন সিংহ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রণালয়ের পানি পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ারপোর পরিচালক (পরিকল্পনা) শাহ মোজাহিদ উদ্দিন এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (অর্থনীতি) মো. হাসান শাহরিয়ার।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন মৎস্যজীবী প্রতিনিধি মো. কামরুজ্জামান, কৃষক প্রতিনিধি রবীন্দ্র কুমার চৌধুরী ও আব্দুর রহিম, ছাত্র প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব, শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রস্তাবিত জাতীয় পানি নীতি–২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে গঠনমূলক আলোচনা করেন। তারা বলেন, নীতিমালা অনুসরণ করে সুষম পানি বণ্টন ও ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ ও ভূ-পৃষ্ঠস্থ পানির স্তরের ভারসাম্য রক্ষা করা জরুরি। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সেমিনার ও সভা আয়োজনের সুপারিশ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সুষম পানি বণ্টন ও কার্যকর পানি ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ রহমান
মন্তব্য করুন: