সুনামগঞ্জে একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানি: ৯ মাসে নিহত ৬৮
একটি দুর্ঘটনার শোক কাটতে না কাটতেই আরেকটি দুর্ঘটনায় অমূল্য প্রাণ হারাচ্ছে সুনামগঞ্জবাসী। চলতি বছর জুড়েই জেলার বিভিন্ন সড়কে ঘটেছে ধারাবাহিক মর্মান্তিক দুর্ঘটনা। এতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে অন্তত ৬৮ জন নিহত ও ৭১ জন আহত হয়েছেন।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। এই সড়কে ৯ মাসে প্রাণ গেছে ৬২ জনের, আহত হয়েছেন ৬৫ জন। জানুয়ারিতে ১০টি দুর্ঘটনায় ১২ জন নিহত হন, ফেব্রুয়ারিতে ১২টি দুর্ঘটনায় প্রাণ যায় ১০ জনের। মার্চে ৭টি দুর্ঘটনায় ৮ জন, এপ্রিলে ৬ জন এবং মে মাসে ২ জন নিহত হন। জুনে ৫টি দুর্ঘটনায় ৪ জন, জুলাইয়ে ৮টি দুর্ঘটনায় ৭ জন, আগস্টে ৫টি দুর্ঘটনায় ৬ জন এবং সেপ্টেম্বরে ৫টি দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারান।
এ ছাড়া খবর অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
চলতি বছরের ভয়াবহ দুর্ঘটনাগুলোর মধ্যে রয়েছে—৬ আগস্ট বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু, ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসনের দুই জারিকারকের প্রাণহানি এবং ২৬ সেপ্টেম্বর মা-মেয়ে ও সিএনজি চালকের মৃত্যু। সর্বশেষ ২২ ডিসেম্বর তাহিরপুরে কয়লাবাহী ট্রাকের চাপায় এক যুবকের মৃত্যু হয়।
নিয়মিত দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা বলছেন, সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এই প্রাণহানি আরও বাড়বে। তারা সড়ক সংস্কার, গতিনিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: