জামালগঞ্জে অধিকাংশ ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়নি
Led Bottom Ad

২৭ পিআইসি পরিদর্শনে হাওর বাঁচাও আন্দোলন

জামালগঞ্জে অধিকাংশ ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়নি

নিজস্ব প্রতিনিধি,জামালগঞ্জ

০৪/০১/২০২৬ ১৭:২২:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি পরিদর্শন করেছে হাওর বাঁচাও আন্দোলন। শনিবার দিনব্যাপী সংগঠনের জামালগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দ হালি, মহালিয়া ও শনি হাওরের ২৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) এলাকা ঘুরে দেখেন। এ সময় কোথাও কাজ শুরুর কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে দাবি করেন তাঁরা।

হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ জানান, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর ফসলরক্ষা বাঁধের কাজ শুরুর কথা থাকলেও ১৯ দিন পেরিয়ে গেলেও এসব হাওরের ২৭টি পিআইসিতে কোনো কাজ শুরু হয়নি। হালি হাওরের ২০ নম্বর পিআইসির কাজ ১৫ ডিসেম্বর উদ্বোধন করা হলেও এরপর আর কোনো অগ্রগতি হয়নি। অধিকাংশ প্রকল্প এলাকায় সাইনবোর্ডও দেখা যায়নি।

সংগঠনের জামালগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুর রব বলেন, তিনটি হাওরের ২৭টি প্রকল্প এলাকায় পরিদর্শনের সময় কোনো পিআইসির সদস্যকে পাওয়া যায়নি। অনেক বাঁধ প্রায় অক্ষত থাকলেও অপ্রয়োজনীয়ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, যা সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা তৈরি করেছে।

উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিন বারী বলেন, বিগত বছরের তুলনায় অনেক বাঁধের অবস্থা ভালো থাকলেও এ বছর বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পাউবো কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালগঞ্জের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জনি বলেন, হালি, শনি ও মহালিয়া হাওরে কাজ শুরু না হলেও পাগনা হাওরের পাঁচটি পিআইসির কাজ শুরু হয়েছে। গত ২৮ ডিসেম্বর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই অধিকাংশ পিআইসির কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, নিকটবর্তী এলাকায় মাটি না পাওয়ায় দূর থেকে মাটি সংগ্রহ করতে হওয়ায় বরাদ্দ কিছুটা বেড়েছে।

পরিদর্শনকালে হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আখুঞ্জি, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad