ধর্মপাশায় হাওরে বোরো রোপণের ব্যস্ততা, শ্রমিক সংকটে কৃষকরা
Led Bottom Ad

ধর্মপাশায় হাওরে বোরো রোপণের ব্যস্ততা, শ্রমিক সংকটে কৃষকরা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৫/০১/২০২৬ ০৭:১২:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান রোপণের হিড়িক। হাওরের পানি ধীরে ধীরে নামতে থাকায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই কৃষিকাজে কৃষকদের পাশাপাশি হাওরপাড়ের নানা শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরাও মাঠে নেমে শ্রমিকদের খাবার পৌঁছে দেওয়া ও চারা সংগ্রহে সহায়তা করছে।

তবে প্রচণ্ড শীতের কারণে শ্রমিক সংকটে পড়েছেন অনেক কৃষক। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধর্মপাশা উপজেলায় ১৮ হাজার ৬১৪ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে।

টগা হাওরের কৃষক আব্দুল হাসিম বলেন, হাওরের পানি পুরোপুরি না নামায় সব জমিতে এখনো চারা রোপণ সম্ভব হয়নি। পানি নামলে দ্রুত কাজ শেষ করা যাবে। সোলচাপরা হাওরের কৃষক মির্জা রেজাউল করিম রেজু জানান, এখনই বোরো রোপণের উপযুক্ত সময় হলেও পানি নামতে দেরি ও শ্রমিক সংকটে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে কাজ পুরোদমে চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় উন্নত বীজ ও সার বিতরণ করা হয়েছে। পানি পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, সরকারি প্রণোদনায় কৃষকরা বোরো রোপণ শুরু করেছেন। পানি ধীরে নামা ও শীত বেশি থাকায় কিছু সমস্যা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত রোপণ কার্যক্রম শেষ হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad