সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বন্ধের আহ্বান
নিরাপদ সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন
“নিরাপদ ঝুঁকিমুক্ত সড়ক চাই, সড়ক দুর্ঘটনায় প্রাণনাশের ভয় থেকে মুক্তি চাই”—এই স্লোগানকে সামনে রেখে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাহির প্লাজার সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা. আফছার উদ্দিন। কর্মসূচি পরিচালনা করেন নাট্যকর্মী সেলিম মাহবুব।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম, সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ চিকিৎসক এমরানুল বাসার অপু’র পিতা আবুল বাসার, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, হোমিও চিকিৎসক করুণা সিন্ধু, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অনেকে।
বক্তারা বলেন, বেপরোয়া যানবাহন ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে ছাতকে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে অপ্রাপ্তবয়স্ক সিএনজি, টমটম ও ভারী যানবাহনের চালকদের আইনের আওতায় আনতে হবে।
তাঁরা আরও দাবি জানান, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী আবাসিক মেডিকেল অফিসার নিয়োগ, শহরের ব্যস্ত সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার স্থাপন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি বসানো এবং ট্রাফিক পুলিশের নিয়মিত দায়িত্ব পালনের।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ছাতক পৌর শহরের রওশন কমপ্লেক্সের সামনে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তরুণ চিকিৎসক এমরানুল বাসার অপু। সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই নিরাপদ সড়কের দাবিতে ছাতকবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।
এ রহমান
মন্তব্য করুন: