শাল্লায় সরকারি সার কালোবাজারে বিক্রির অভিযোগ
Led Bottom Ad

কৃষকদের হাহাকার

শাল্লায় সরকারি সার কালোবাজারে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৭/০১/২০২৬ ১৪:০১:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরবেষ্টিত শাল্লা উপজেলায় চলতি বোরো মৌসুমে তীব্র সার সংকট দেখা দিয়েছে। সরকারি বরাদ্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিতরণ না করে ডিলাররা কৃষি বিভাগের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে কালোবাজারে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এতে আসন্ন বোরো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় চাষিরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।


মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা জাতীয়তাবাদী কৃষকদল উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন প্রদান করে সার সংকট দ্রুত নিরসন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।


উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, “শাল্লা উপজেলার শতভাগ মানুষই বোরো চাষের ওপর নির্ভরশীল। জমিতে সার প্রয়োগের মৌসুম চললেও কৃষকরা সঠিক সময়ে সার পাচ্ছেন না। ডিলাররা ডিসেম্বর মাসের বরাদ্দকৃত সার এলাকায় না নিয়ে বাইরে বিক্রি করেছে। জানুয়ারির বরাদ্দ ২০ দিন আগে আসলেও কৃষকেরা এখনও সুফল পাচ্ছেন না। ফলে চারা রোপণ ও পরিচর্যায় কৃষকরা দিশেহারা।”


মো. একরামুল হোসেন জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সব সময় কৃষকের স্বার্থ রক্ষায় কাজ করে। আমাদের এলাকার কৃষকরা সার পাচ্ছে না, অথচ ডিলাররা পাচার করছে। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। যদি দ্রুত সারের সরবরাহ নিশ্চিত না করা হয়, আমরা কৃষকদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।”


শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ডিলাররা সার নিয়ে কিছু জটিলতা সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। উপজেলা পরিষদের সভায় অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তা জেলা পর্যায়ে পাঠানো হচ্ছে। কৃষকরা যাতে দ্রুত বরাদ্দকৃত সার পান, সেজন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”


স্থানীয় কৃষকরা দাবি করেছেন, হাওরের একমাত্র ফসল বোরো ধানের ওপর তাদের সারা বছরের জীবন-জীবিকা নির্ভর করে। তাই কোনো অজুহাতে সার সরবরাহ ব্যাহত হতে পারবে না এবং কৃষিপণ্য নিয়ে দুর্নীতিবাজ চক্র ভেঙে দেওয়া উচিত।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad