শান্তিগঞ্জে সরকারি জায়গা থেকে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের হাসার বিল সংলগ্ন সরকারি জায়গা থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের কাকিয়ারপাড় (নোয়াগাঁও) গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুল হক নুরু।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে এবং শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি জায়গা থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটার সময় নুরুল হক নুরুকে আটক করা হয়।
পরে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ৪ ধারায় তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: