বৈষম্যহীন ছাতক-দোয়ারা গড়ার আহবান জামায়াতের প্রার্থী আব্দুস সালাম মাদানীর
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় কোনো ধরনের বৈষম্য ছাড়াই অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও অবহেলা ও অনিয়মের কারণে ছাতক–দোয়ারাবাজারের মানুষ রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে মিথ্যা প্রতিশ্রুতি দিলেও এই দুই উপজেলার মানুষের প্রকৃত কল্যাণে কেউ কাজ করেনি। যারা ক্ষমতায় গেছে, তারা নিজেদের স্বার্থেই লুটপাট করেছে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করা হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের উন্নয়নসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে।
বুধবার (৭ জানুয়ারি) রাত ১০টায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে খাইরগাঁও গ্রামে আয়োজিত সাধারণ সভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় মুরুব্বি মো. ছরকুম আলীর সভাপতিত্বে এবং নরসিংপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমান ও এখলাসুর রহমান আবিদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, জামায়াতে ইসলামী সুনামগঞ্জ–৫ আসনের পরিচালক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, কর্মপরিষদ সদস্য খলিলুর রহমান এবং বাংলাবাজার ইউপি সদস্য মোশাররফ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও নরসিংপুর ইউপি যুব ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, খাইরগাঁও গ্রামের মো. সুরুজ আলী, আব্দুল হেকিম, মাওলানা জুয়েল আমীন, সুরুজ্জামান শিপু প্রমুখ।
সভায় খাইরগাঁও গ্রামের বাসিন্দারা এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে অনেকেই আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
এ রহমান
মন্তব্য করুন: