দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
Led Bottom Ad

দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৮/০১/২০২৬ ১৮:৫৪:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সৌদি আরবপ্রবাসীর স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম সুমি বেগম (২৫)। তিনি ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী সুজন মিয়ার স্ত্রী।

আহত সুমি বেগম জানান, বুধবার বিকেলে তার দুই ছেলে বাড়ির উঠানে ব্যাডমিন্টন খেলছিল। খেলার একপর্যায়ে ব্যাডমিন্টনের কক প্রতিবেশী মো. আনর আলীর বসতঘরের বারান্দায় পড়ে যায়। ককটি আনতে গেলে আনর আলীর ছেলে মো. শাহিনুর (২০) তার সন্তানদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদ করলে আনর আলীর স্ত্রী নেহারুন বেগম তাকে চুল ধরে টানতে টানতে বাইরে নিয়ে যান।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় মো. শাহিনুর বাঁশ ও লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তলপেটে একাধিক লাথি মেরে তাকে গুরুতর আহত করা হয়।

সুমি বেগম জানান, প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন বলেন, “সুমি বেগমের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে। মাথার হাড়ে চাপ দিলে দেবে যাওয়ার মতো অবস্থা ছিল। এ ধরনের রোগীর জন্য সিটি স্ক্যান জরুরি হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad