বিশ্বম্ভরপুরে আখক্ষেতে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি আখক্ষেতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌয়াকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আখচাষী আলীবুল্লাহ (মৃত হিরন মিয়ার ছেলে) জানান, তার ফসলি জমিতে হঠাৎ আগুন ধরে পুরো আখক্ষেত পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী ফারুক মিয়া বলেন, একই সময়ে জমির তিনটি স্থানে আগুন জ্বলতে দেখা গেছে, যা থেকে আগুনের উৎস নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আলীবুল্লাহ অভিযোগ করে বলেন, প্রতিহিংসাবশত কেউ তার আখক্ষেতে আগুন লাগিয়ে থাকতে পারে। তবে কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা নেই এবং প্রাথমিকভাবে কাউকে সন্দেহও করতে পারছেন না।
স্থানীয় মুজিব বাজার এলাকার বাসিন্দা মাইনুদ্দিন বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন না লাগালে এভাবে পুরো আখক্ষেত পুড়ে যাওয়ার কথা নয়। স্থানীয় কৃষক সাইদুল মিয়া জানান, আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে গ্রামবাসী ও জমির মালিক ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এ ঘটনায় পার্শ্ববর্তী আখচাষী রুবেল মিয়ার প্রায় ৩০ শতক জমির আখও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: