সুনামগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক পুত্র আটক
Led Bottom Ad

সুনামগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক পুত্র আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৯/০১/২০২৬ ১৩:৩৭:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে স্ত্রীকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম বিশাল শেখর দাস (২৪)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিশাল শেখর সুনামগঞ্জের সাংবাদিক কুলেন্দু শেখরের ছেলে। 


নিহত নারীর নাম সুমি দাশ চৌধুরী (২১)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাবলী রানী চৌধুরীর মেয়ে।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) সুনামগঞ্জ শহরের ধোপাখালী এলাকার একটি ভাড়া বাসায় সুমিকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মা বাবলী রানী চৌধুরী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় স্বামী বিশাল শেখর দাস ছাড়াও শাশুড়ি রীপা দাস ও শ্বশুর কুলেন্দু শেখর দাসকে আসামি করা হয়েছে।


নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। প্রায়ই তিনি মুঠোফোনে এসব নির্যাতনের কথা পরিবারকে জানাতেন। দুই মাস আগে নির্যাতনের কারণে তিনি বাবার বাড়িতে চলে যান এবং পরে অসুস্থ হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।


পরবর্তীতে শাশুড়ি ও শ্বশুর তাঁকে আবার সুনামগঞ্জের বাসায় নিয়ে আসেন বলে অভিযোগ পরিবারের। ঘটনার দিন বিকেলে সুমির মৃত্যু হয়েছে বলে স্বামী ও শ্বশুর ফোনে পরিবারকে জানান। পরে সদর হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা সুমির গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান।


সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ (পিপিএম) বলেন, গ্রেপ্তার করা প্রধান আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad