শাল্লায় জাঁকজমকভাবে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হচ্ছে রবিবার
Led Bottom Ad

শাল্লায় জাঁকজমকভাবে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হচ্ছে রবিবার

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

৩১/০১/২০২৬ ১৯:৪৮:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) গ্রামবাসীর সক্রিয় সহযোগিতা ও স্থানীয় সামাজিক সংগঠন ‘নারায়ণ সংঘ’-এর উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হবে।


​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি নারায়ণ সংঘের আয়োজনে দ্বিতীয় বর্ষের পূজা। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে আনন্দপুর গ্রামে সাজ সাজ রব বিরাজ করছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আশা করছে আয়োজক কমিটি।


​নারায়ণ সংঘের সভাপতি বিপুল চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক জুয়েল চন্দ্র দাস জানান, সমাজ থেকে অন্ধকার দূর করে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই সংগঠন ও পূজার আয়োজন। তারা বলেন, "হাটি হাটি পা পা করে ভগবানের স্মরণে নারায়ণ সংঘ গঠিত হয়েছে। মানুষ যত বেশি ধর্মচর্চার দিকে অগ্রসর হবে, তত বেশি অনৈতিক ও খারাপ কাজ থেকে দূরে থাকবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ধর্ম ও কর্মকে পাথেয় করেই আমাদের এগিয়ে যেতে হবে।"


​বর্তমানে এই সংগঠনে একশোরও বেশি সদস্য রয়েছেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু পূজা নয়, বরং আর্তমানবতার সেবা ও ধর্মীয় মূল্যবোধ প্রসারে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এবারের পূজায় সকল ভক্তবৃন্দের উপস্থিতি ও মঙ্গল কামনা করেছেন তারা।


​উল্লেখ্য, সনাতন ধর্মে সত্যনারায়ণ পূজা অত্যন্ত ফলদায়ক ও তাৎপর্যপূর্ণ। ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ সত্যনারায়ণ, যিনি সত্যপীর নামেও অনেক স্থানে পরিচিত। শাস্ত্র অনুযায়ী, পূর্ণিমা বা সংক্রান্তি তিথিতে উপবাসী থেকে এই ব্রত পালন করলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং ভক্তের মনোবাসনা পূর্ণ হয়।


​আগামীকাল সন্ধ্যা (প্রদোষকাল) থেকে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তদের মাঝে ‘সিন্নি’ ও প্রসাদ বিতরণ করা হবে। পূজা উদযাপন কমিটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের নজরদারি ও সকলের সহযোগিতা কামনা করেছেন।

পিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad