শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও সিলিন্ডার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকায় এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে মেসার্স শান্ত এন্টারপ্রাইজ ও ডিলার ন্যাশনাল ট্রেডিং নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয় এবং সেখানে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদের সত্যতা পাওয়া যায়। অভিযানে প্রমাণিত হয় যে, সাতগাঁও ও রুস্তমপুর এলাকার ব্যবসায়ী শান্ত সরকার ও সৎজিৎ সরকার বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছিলেন, যার ফলে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ গণমাধ্যমকে জানান যে, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি তুলেছেন।
এ রহমান
মন্তব্য করুন: