হবিগঞ্জে চাল পাচারের দায়ে আটক সাবেক ছাত্রদল নেতা কারাগারে
হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ১৬ বস্তা চাল পাচারের অভিযোগে আটক ডিলার ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তার জাকারিয়া চৌধুরী লাখাই উপজেলার করাব গ্রামের মৃত কচির মিয়া চৌধুরীর ছেলে এবং ওই ইউনিয়নের ওএমএস ডিলার হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলার নিয়োগ পাওয়ার পর থেকেই জাকারিয়া চৌধুরীর বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ ছিল। গত রোববার (২৯ মার্চ) বিকেলে ৩ বস্তা সরকারি চাল পাচারের সময় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি আরও চাল সরিয়ে ফেলার কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩ বস্তা চাল উদ্ধার করে সেনাবাহিনী। মোট ১৬ বস্তা চাল উদ্ধারের পর রাতেই তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি চাল আত্মসাৎ ও পাচারের সুনির্দিষ্ট অভিযোগে জাকারিয়া চৌধুরী রতনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসন ইতোমধ্যে অভিযুক্ত ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করেছে।
এ রহমান
মন্তব্য করুন: