উপজেলা পরিষদ নির্বাচন
বড়লেখায় ভাইস চেয়ারম্যান পদে ক্বারী ময়েনুল ইসলামের প্রার্থিতা ঘোষণা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের বড়লেখায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে; এরই ধারাবাহিকতায় ভাইস চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট আলেম ও সমাজসেবক মাওলানা ক্বারী ময়েনুল ইসলাম। তাঁর এই ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নের ১নং তালিমপুর গ্রামের প্রবীণ সাবেক ইউপি সদস্য মরহুম মুস্তফা উদ্দিনের (মস্তু মেম্বার) তৃতীয় সন্তান ময়েনুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী হিসেবে পরিচিত। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএ (মাস্টার্স) ও কামিল ডিগ্রিধারী এই প্রার্থী মনে করেন, শিক্ষিত ও মার্জিত নেতৃত্বই পারে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করতে।
বড়লেখাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে মাওলানা ক্বারী ময়েনুল ইসলাম বলেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তৃণমূলের ভোটারদের মাঝে তাঁর সততা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে ইতিবাচক আলোচনা শোনা যাচ্ছে, যা আসন্ন নির্বাচনে এই পদে একটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি বড়লেখার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এ রহমান
মন্তব্য করুন: