১৫ মাসে তিন পারিবারিক হত্যাকাণ্ড: উদ্বেগে মৌলভীবাজার
Led Bottom Ad

১৫ মাসে তিন পারিবারিক হত্যাকাণ্ড: উদ্বেগে মৌলভীবাজার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৬/০৪/২০২৬ ১৫:৩১:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে গত ১৫ মাসে তিনটি পৃথক পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের ভেতরেই সহিংসতার এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে প্রশ্ন উঠেছে।


প্রথম ঘটনাটি ঘটে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি, সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাত বছর বয়সী এক শিশুকে মারধরের পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, শিশুটি ঘুমের মধ্যে বিছানা নষ্ট করায় তাকে শাস্তি দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে।


দ্বিতীয় ঘটনা ঘটে ২০২৬ সালের ১১ মার্চ শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউজ এলাকায়। পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হন। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটির পেছনে মাদকাসক্তি ও পারিবারিক কলহ ভূমিকা রেখেছে।


সবশেষ গত ১৫ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে এক বৃদ্ধ নিহত হন। পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরেকজন আহত হন।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এসব ঘটনায় জনমনে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পারিবারিক পরিসরে একের পর এক সহিংস ঘটনা মানুষকে ভাবিয়ে তুলছে।


সমাজ বিশ্লেষকেরা বলছেন, মাদকাসক্তি, পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক সহনশীলতার ঘাটতি এ ধরনের ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। তাঁরা মাদক নিয়ন্ত্রণ, পারিবারিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad