মৌলভীবাজারে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং
Led Bottom Ad

শঙ্কায় ৫ লাখ গ্রাহক

মৌলভীবাজারে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৬/০৪/২০২৬ ১৮:৪১:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের সাথে পাল্লা দিয়ে শুরু হয়েছে ভয়াবহ লোডশেডিং; যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি চরম অনিশ্চয়তায় পড়েছেন আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা। আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হতে যাওয়া এই পরীক্ষার্থীরা দিন-রাত মিলিয়ে ১০-১২ ঘণ্টার লোডশেডিংয়ে পড়াশোনায় মারাত্মক ব্যাঘাতের সম্মুখীন হচ্ছেন। জেলা শহরসহ সাতটি উপজেলায় সমানতালে চলা এই লোডশেডিংয়ে বর্তমানে জেলার প্রায় ৫ লাখ গ্রাহক চরম ভোগান্তি পোহাচ্ছেন।

ভুক্তভোগী পরীক্ষার্থীদের মতে, পড়ার টেবিল আর গরমের অস্বস্তি মিলে তাদের প্রস্তুতি বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরাও জানিয়েছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় এবং সন্ধ্যার আগেই দোকান বন্ধের বিধিনিষেধের কারণে তারা লোকসানের মুখে পড়েছেন; বিশেষ করে ডিজিটাল মেশিনারিজ চালিত প্রতিষ্ঠানগুলো যান্ত্রিক ক্ষতির শঙ্কায় রয়েছে।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, জেলায় দৈনিক ৫০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে গ্রিড লাইন থেকে সরবরাহ মিলছে মাত্র ২০-২২ মেগাওয়াট, যা মোট চাহিদার অর্ধেকেরও কম।

সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস জানান, চাহিদার তুলনায় প্রাপ্তি কম হওয়ায় বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। দ্রুত এই বিদ্যুৎ সংকট নিরসন না হলে জনস্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad