বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
দীর্ঘ ১৫ বছর পর আবারও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় দল। দুই দলের বহুল প্রতীক্ষিত এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে সূচিও চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সাদা বলের লড়াই।
সূচি অনুযায়ী, সফরে এসে অস্ট্রেলিয়া খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন, আর সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছিল ২০১১ সালে। ঐ সিরিজে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল মাইকেল ক্লার্কের।
সবশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে স্বাগতিকদের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল তারা। যদিও পরবর্তীতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে অস্ট্রেলিয়া।
ডি আর ডি
মন্তব্য করুন: