এমপি পুত্রের মধ্যস্থতায় ফিরল শান্তি
মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিক দ্বন্দ্বের অবসান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ন্যাশনাল টি কোম্পানির ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে দীর্ঘদিনের চলমান অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটেছে। সিলেট-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের ছেলে সৈয়দ শাফকাত আহমেদের প্রত্যক্ষ মধ্যস্থতায় এই বিরোধ নিষ্পত্তি হয়। গতকাল শনিবার সকালে নোয়াপাড়ায় আয়োজিত এক বৈঠকে বাগানের শ্রমিক নেতা ও কর্তৃপক্ষের মধ্যকার দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ও দ্বন্দ্বের ইতি টানা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের শ্রমিক নেতা হেমন্ত পান এবং সেক্রেটারি লালনের মধ্যে দীর্ঘদিন ধরে অন্তর্দ্বন্দ্ব চলছিল, যার প্রভাব সরাসরি বাগান ব্যবস্থাপনার ওপর পড়েছিল। এছাড়া বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনের সঙ্গেও শ্রমিক নেতাদের এক ধরনের প্রশাসনিক দূরত্ব তৈরি হয়েছিল। এই ত্রিমুখী সংকটের কারণে বাগানের উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং সাধারণ শ্রমিকরা ভোগান্তিতে পড়েছিলেন। এমপির নির্দেশে তাঁর ছেলে সৈয়দ শাফকাত আহমেদ উদ্যোগ নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন এবং দীর্ঘদিনের সেই বিরোধ মিটিয়ে দেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, তেলিয়াপাড়া চা বাগানের এই জটিল পরিস্থিতি বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক—উভয় পক্ষকেই সংকটে ফেলেছিল। শাফকাত আহমেদের সময়োপযোগী হস্তক্ষেপে এখন বাগানে শান্তিপূর্ণ কর্মপরিবেশ ফিরে এসেছে। শ্রমিক নেতা হেমন্ত পানও ঐক্যবদ্ধভাবে বাগানের ঐতিহ্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, উৎপাদন সচল রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা হয়েছে; এখন থেকে সবাই মিলে বাগানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবেন।
এ রহমান
মন্তব্য করুন: