হবিগঞ্জের কলেজছাত্র মঞ্জুর হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামে সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে কলেজছাত্র মঞ্জুর মিয়া হত্যার ঘটনায় প্রধান আসামিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— নবীগঞ্জ উপজেলার বেগমপুর গ্রামের সিরাজুল ইসলামের তিন ছেলে হেলাল মিয়া, নাসির মিয়া ও মাসুম মিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ এই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল (রবিবার) উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর এলাকায় সরকারি জায়গা দখল নিয়ে স্থানীয় হেলাল মিয়া ও খলিলুর রহমানের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে খলিলুর রহমানের ছেলে কলেজছাত্র মঞ্জুর মিয়া গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করল। মামলার বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: