শ্রীমঙ্গলে বৌভাতে ব্যতিক্রমী উপহার: ৫ লিটার অকটেন নিয়ে হাজির বন্ধুরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৌভাত অনুষ্ঠানে প্রথাগত উপহারের বদলে ৫ লিটার অকটেন দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন বরের বন্ধুরা। শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার উত্তরসুর এলাকায় সুমন পালের বৌভাত অনুষ্ঠানে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের সঙ্গে সুমন পালের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার আয়োজিত বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা যখন ফুল, শোপিস বা নগদ অর্থ নিয়ে আসছিলেন, তখন সুমনের ঘনিষ্ঠ বন্ধুরা তিনটি প্লাস্টিকের বোতলে ৫ লিটার অকটেন উপহার হিসেবে নিয়ে আসেন। এই অভিনব উপহার দেখে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহল ও হাস্যরসের সৃষ্টি হয়।
উপহারদাতা বন্ধুদের একজন রাজেশ ভৌমিক জানান, ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে সবসময়ই ভিন্ন কিছু করার ইচ্ছা থাকে। বর্তমানে জ্বালানি তেলের সংকটের কথা বিবেচনা করেই তাঁরা এই ব্যবহারিক উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এটি যে এতটা আলোচনার জন্ম দেবে, তা তাঁরা আগে ভাবেননি।
বরের প্রতিক্রিয়ায় সুমন পাল বলেন, “আমার একটি মোটরসাইকেল আছে এবং বর্তমান পরিস্থিতিতে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করা বেশ কষ্টের কাজ। আমার প্রিয় বন্ধুদের দেওয়া এই সময়োপযোগী উপহারটি আমার যাতায়াতে অনেক কাজে আসবে।” উপস্থিত অনেকেই এই উদ্যোগকে নিছক মজার পাশাপাশি বর্তমান পরিস্থিতির একটি ব্যবহারিক প্রতিফলন হিসেবে দেখছেন।
এ রহমান
মন্তব্য করুন: