হবিগঞ্জে ধান শুকানোর মাঠে গরু ঢোকাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ২০
Led Bottom Ad

হবিগঞ্জে ধান শুকানোর মাঠে গরু ঢোকাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ২০

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/০৪/২০২৬ ২৩:১৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের লাখাই উপজেলায় ধান শুকানোর মাঠে (খলা) গরু ঢোকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার স্বজন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।

আহতদের মধ্যে মো. মনা মিয়া (৫০), মো. কাশু মিয়া (৪০), মো. আশুব আলী (৫০), আক্কাছ আলী (৫০), মো. হানিফা (৩০) ও সরাজ মিয়াকে (৬০) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের গুরুতর অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন—একই গ্রামের মো. কদ্দুছ মিয়া (৪৫), সামির আলী (৫৫) ও মহারাজ (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্বজন গ্রামের মো. কুদ্দুছ মিয়ার একটি গরু মো. জাকির মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে যাওয়ার সময় মাড়াই করা ধানে কাদা লেগে যায়। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি গ্রাম্য দ্বন্দ্বে রূপ নিলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad