মৌলভীবাজারে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা: পানিবন্দি হাজারো পরিবার
Led Bottom Ad

প্রস্তুত ১১৫ আশ্রয়কেন্দ্র

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা: পানিবন্দি হাজারো পরিবার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

৩০/০৪/২০২৬ ০৯:৩৯:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও সদরসহ বিভিন্ন উপজেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ১১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার গোপালীছড়ায় প্রায় ৫০ মিটার বাঁধ ভেঙে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর ও শ্রীপুরসহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কয়েকশ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে; সেখানে মনু নদীর তীব্র ভাঙনে একটি কবরস্থান, একটি মক্তব ও ছয়টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া কমলগঞ্জের পতনঊষার, মুন্সীবাজার ও শমশেরনগর ইউনিয়নে লাঘাটা নদীর পানি উপচে এবং রাজনগরের উদনা নদী সংলগ্ন গ্রামগুলোতে পানি প্রবেশ করায় রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতবাড়িতে পানি ওঠায় গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিন দিনের ভারী বৃষ্টিতে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে জুড়ী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুপুর থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, নদীগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টি না হলে দ্রুত পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যা মোকাবিলায় জেলার ৭টি উপজেলায় ১০০ মেট্রিক টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা জরুরি বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া জানান, পানিবন্দি মানুষের জন্য আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad