জামালগঞ্জে মে দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও গুরুত্বপুর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়।
পরবর্তীতে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুল ইসলাম-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম মাসুম-এর দক্ষ সঞ্চালনায় সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে শ্রমজীবী মানুষের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সুমন কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা,লুৎফুর রহমান, প্রধান শিক্ষক, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, রাম কুমার সাহা, জনস্বাস্থ্য কর্মকর্তা, ফারজিল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাসুক মিয়া, চেয়ারম্যান, সাচনা বাজার ইউনিয়ন, খালিদ আহমদ, উপজেলা আনসার কর্মকর্তা। এছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, "একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"
অন্যান্য বক্তারা কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে পারলে দেশের উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে। মালিক ও শ্রমিকের সুসম্পর্কই হবে উন্নয়নের মূল চালিকাশক্তি।
সভার শেষে উপস্থিত সকলে কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার শপথ গ্রহণ করেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: