দোয়ারাবাজারে গরু দিয়ে ধান খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত
Led Bottom Ad

দোয়ারাবাজারে গরু দিয়ে ধান খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০১/০৫/২০২৬ ২১:২৬:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম সুঁড়িগাঁও গ্রামে গরু দিয়ে ধান খাওয়ানোকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে জহুর উদ্দিন (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা জহুর উদ্দিনের ধানী জমিতে একই উপজেলার দেলোয়ারনগর গ্রামের বেলাল উদ্দিন (৩২) তাঁর গরু দিয়ে ধান খাওয়ান। খবর পেয়ে জহুর উদ্দিন জমিতে গিয়ে প্রতিবাদ জানালে উভয়ের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বেলাল উদ্দিন উত্তেজিত হয়ে বাড়িতে ফিরে যান। পরবর্তীতে জহুর উদ্দিন নিজ বাড়িতে ফেরার পথে বেলাল উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে, অভিযুক্ত বেলাল ও তার সহযোগীরা ধারালো অস্ত্র (রামদা) দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জহুর উদ্দিনকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের বোন হোসনে আরা আহজারি করে বলেন, “আমার ভাই খুবই সহজ-সরল মানুষ ছিল। তুচ্ছ ঘটনায় তাঁকে এভাবে মেরে ফেলা হলো। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাল তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad