জরুরি সংস্কারকাজ
আজ সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে সুনামগঞ্জ শহর
সুনামগঞ্জ জেলা শহরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি সংস্কারকাজের জন্য আজ মঙ্গলবার (৫ মে) টানা সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
পিডিবি সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সংযোগ লাইনের একটি টাওয়ারের গোড়া কালিপুর হাওর এলাকায় মরিচা ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ওই ক্ষতিগ্রস্ত টাওয়ারের স্থলে নতুন পোল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জরুরি সংস্কারকাজ চলাকালীন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ বলেন, গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে এবং দীর্ঘমেয়াদি যান্ত্রিক ত্রুটি এড়াতেই এই মেরামতকাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুততম সময়ে সংযোগ পুনরায় চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। কালিপুর হাওর ও তৎসংলগ্ন এলাকার গ্রাহকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: