জামালগঞ্জে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার সাচনা বাজার বেহেলী রোড ও ফেনারবাঁক ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জামালগঞ্জ উত্তর ইউনিয়নের বেহেলী রোডের বোদন দে-র ছেলে বিকাশ দে (১৯) এবং ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোস্তাকিম মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫)।
পুলিশ জানায়, সোমবার রাতে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উত্তর ইউনিয়নের বেহেলী রোড থেকে বিকাশ দে-কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে ফেনারবাঁক ইউনিয়নের রামপুর সড়ক থেকে আকাশ মিয়াকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশের দাবি, গ্রেফতারকৃত এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: