শাল্লায় কুকুরের কামড়ে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৯
সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে একটি কুকুরের কামড়ে এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত নয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ঘুঙ্গিয়ারগাঁও বাজারের দর্জি রান্টু সরকার (৪৫), কলেজ রোড এলাকার আমির হোসেনের ছেলে হুসাইন মিয়া (৪), এসএসসি পরীক্ষার্থী সাবিত্রী রাণী দাস এবং ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা লিপি রাণী (৪২)। অন্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি কুকুর হঠাৎ বাজারের পথচারীদের ওপর হামলা শুরু করে। একপর্যায়ে কুকুরটি বাজারের বিভিন্ন স্থানে ঘুরে মানুষকে কামড়াতে থাকে। এ সময় কয়েকটি গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করে প্রাণীটি। এতে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (এআরভি) পর্যাপ্ত রয়েছে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, বিষয়টি জানার পর বাজার কমিটি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বর্তমানে বাজার এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কুকুরটিকে নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।
এ রহমান
মন্তব্য করুন: