পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
Led Bottom Ad

মিরপুর টেস্টে ইতিহাস

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ১৮:৩২:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লো নাজমুল হোসেন শান্তর দল। অধিনায়ক শান্তর অনবদ্য ব্যাটিং এবং তরুণ গতিদানব নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিং স্পেলে পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে বিদেশের মাটিতে পাকিস্তানকে হারালেও, ঘরের মাঠে টেস্ট ফরম্যাটে চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। এই জয়ের ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

ম্যাচের পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২৬৮ রান। কিন্তু রান তাড়া করতে নেমে নাহিদ রানার পেস তোপে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ৯.৫ ওভার বল করে মাত্র ৪০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন নাহিদ, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি করে এবং মেহেদি হাসান মিরাজ ১টি উইকেট নেন। পাকিস্তানের পক্ষে ওপেনার আব্দুল্লাহ ফজল সর্বোচ্চ ৬৬ রান করলেও অন্য ব্যাটাররা বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতে পারেননি। বিশেষ করে শেষ ১১ রানে ৫ উইকেট হারিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

এর আগে ৩ উইকেটে ১৫২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করা বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫০ বলে ৮৭ রানের এক দায়িত্বশীল ইনিংস খেলেন। এছাড়া মিরাজ ২৪ ও মুশফিক ২২ রান করেন। প্রথম ইনিংসে ১০১ এবং দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অধিনায়ক শান্ত। এই জয়ের ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এল বাংলাদেশ। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad