সীমান্তে হত্যা বন্ধে লংমার্চের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর
Led Bottom Ad

সীমান্তে হত্যা বন্ধে লংমার্চের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

প্রথম ডেস্ক

১২/০৫/২০২৬ ২০:৩৭:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় তাঁদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে নিহতদের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি সীমান্ত হত্যা বন্ধে সরকারের উদাসীনতার কঠোর সমালোচনা করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সীমান্ত অভিমুখে লংমার্চ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা চরম মানবাধিকার লঙ্ঘন। অপরাধ করলে প্রচলিত আইনে বিচার হবে, কিন্তু পাখির মতো গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের সমালোচনা করে তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তাঁরা শুধু সংবিধানের কথা বলেন, কিন্তু জাতীয়তাবাদ বা সীমান্তের নিরাপত্তা বোঝেন না।" তিনি আরও অভিযোগ করেন, সরকার ঢাকাসহ দেশের সকল সীমান্তে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সীমান্ত রক্ষা করতে না পারলে এই সরকারকে 'ভুয়া জাতীয়তাবাদী' হিসেবেও মন্তব্য করেন তিনি।

নিহতদের বিষয়ে বিজিবির বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, নিহতদের মাদককারবারি বা চোরাকারবারি হিসেবে আখ্যা দেওয়া ভারতীয় বয়ানের প্রতিফলন। বিজিবিকে এমন অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নিহত কলেজছাত্র মুরসালিনকে হত্যার উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাওয়া হয়েছিল।" এছাড়া কসবা আসার পথে তাঁকে নানাভাবে বাধা ও হয়রানি করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি স্পষ্ট জানান, সীমান্ত হত্যার শিকার পরিবারগুলো যাতে ন্যায়বিচার পায়, সেজন্য জাতীয় নাগরিক পার্টি মাঠ পর্যায়ে সোচ্চার থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad