যাদুকাটা নদীতে নির্মাণাধীন সেতুর ৫টি গার্ডার ভেঙে পড়েছে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন বহুল আলোচিত ‘শাহ আরেফিন-অদ্বৈত’ সেতুর পাঁচটি গার্ডার ভেঙে পড়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দীর্ঘ প্রতীক্ষিত এই সেতুর গার্ডার ভেঙে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও কাজের মান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৩০ মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও গত আট বছরেও তা সম্পূর্ণ হয়নি। সেতুটিতে মোট ৭৫টি গার্ডার বসানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আজ হঠাৎ পাঁচটি গার্ডার ভেঙে নদীর তীরে পড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বড় ধরনের কোনো দুর্যোগ ছাড়াই যদি নির্মাণাধীন সেতুর গার্ডার এভাবে ভেঙে পড়ে, তবে বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে মূল সেতুর অবস্থা কী হবে, তা নিয়ে তাঁরা শঙ্কিত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পুরো নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যার কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি
মন্তব্য করুন: