আইন-শৃঙ্খলায় বিশেষ অবদান: ছাতকের ওসি মিজানুর পুরস্কৃত
মাদক, জুয়া ও চোরাচালানবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছে ছাতক থানা-পুলিশ। আজ সোমবার সুনামগঞ্জ পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত জেলা পুলিশের কল্যাণ সভায় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমানের হাতে এই পুরস্কার তুলে দেন নবাগত সিলেট রেঞ্জ ডিআইজি ড. মো. জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছাতক থানা এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অনন্য ভূমিকা রাখায় এই টিমকে জেলার সেরা হিসেবে পুরস্কৃত করা হয়।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “এই অর্জন ছাতক থানার সকল পুলিশ সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফল। এই স্বীকৃতি আমাদের কাজের দায়িত্ব ও মনোবল আরও বাড়িয়ে দেবে।”
কল্যাণ সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের ভালো কাজের এ ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যায়ন বাহিনীর মনোবল বৃদ্ধি করবে এবং এলাকায় অপরাধ দমনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।
সুজন তালুকদার/ ডি আর ডি
মন্তব্য করুন: