সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরিতে ২ লক্ষাধিক টাকা চুরি
পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির তোয়াক্কা না করেই সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মডেল থানার একেবারে সম্মুখভাগে অবস্থিত এই জ্ঞানপীঠে দুর্বৃত্তরা হানা দিয়ে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লাইব্রেরি থেকে নগদ ২৭ হাজার ৩৯৬ টাকা এবং আনুমানিক ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
লাইব্রেরি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিয়মিত কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা ভবনটি তালাবদ্ধ করে বাড়ি ফিরে যান। পরদিন বুধবার দুপুর ১২টার দিকে লাইব্রেরির দায়িত্বশীল ব্যক্তিরা যথারীতি কার্যালয় খুলতে এসে দেখেন সম্মুখের কলাপসিবল গেইটের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করতেই দৃশ্যমান হয় চোরচক্রের তাণ্ডব। বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরের জিনিসপত্র তছনছ করা হয়েছে।
ভেতরে তল্লাশি চালিয়ে দেখা যায়, চোরেরা অত্যন্ত পরিকল্পিতভাবে লাইব্রেরির সাধারণ সম্পাদকের অফিস কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ, আসবাবপত্র ও ভেতরের সিসি ক্যামেরা নিয়ে গেছে। এছাড়া, লাইব্রেরিয়ানের কক্ষের তালা ভেঙে কম্পিউটারের নানাবিধ যন্ত্রপাতি ও ওয়াইফাই রাউটার চুরি করা হয়েছে। চোরচক্র শুধু মালামাল লুটই করেনি, বরং ভবনের দেওয়াল ক্ষতিগ্রস্ত করাসহ বিদ্যুৎ ও সিসি ক্যামেরার সংযোগ লাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সর্বশেষ, মাইকের সুটকেসের তালা ভেঙে ভেতরে থাকা নগদ ২৭ হাজার ৩৯৬ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটে নেয় তারা।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান বলেন, আমি প্রতিদিনের মতো লাইব্রেরির গেইট খুলতে গিয়ে তালা ভাঙা দেখতে পাই। ভেতরে গিয়ে দেখি বিভিন্ন কক্ষের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি। শহরের এমন একটি সুরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এদিকে মডেল থানার ঠিক সামনে অবস্থিত একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ প্রসঙ্গে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন,পাবলিক লাইব্রেরিতে চুরির সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িতদের দ্রুত আটক করতে আমাদের বিশেষ অভিযান শুরু হয়েছে।
ঐতিহ্যের স্মারক এই লাইব্রেরিতে চুরির ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুনামগঞ্জের সুধীসমাজ ও সাধারণ পাঠকেরা।
প্রীতম দাস/এআর
মন্তব্য করুন: