যুক্তরাজ্যে ডেপুটি মেয়র হলেন সিলেটের সাঈদা চৌধুরী
Led Bottom Ad

যুক্তরাজ্যে ডেপুটি মেয়র হলেন সিলেটের সাঈদা চৌধুরী

ইফতেখারুল হক পপলু , বার্মিংহাম থেকে

২৩/০৫/২০২৬ ১৮:২৯:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা ‘লন্ডন বারা অব রেডব্রিজ’-এর নতুন ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিলর সাঈদা চৌধুরী (সৈয়দা লাভলী চৌধুরী)। গত ২১ মে কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর নাম ঘোষণা করা হয়।


লন্ডনের মূলধারার রাজনীতিতে সিলেটের এই কৃতি সন্তানের অনন্য অর্জনে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি ও বাংলাদেশের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে তাঁর জন্মভূমি মৌলভীবাজারে বইছে উৎসবের আমেজ।


কাউন্সিলর সাঈদা চৌধুরীর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বেকামুড়া গ্রামে। সুদূর প্রবাসে ব্যস্ত থাকলেও তিনি এবং তাঁর পরিবার নাড়ির টান ভুলে যাননি। দূর প্রবাসে থেকেও নিজ গ্রাম তথা বৃহত্তর সিলেটের উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উদ্যোগে অবদান রেখে চলেছেন তিনি। তাঁর এই গৌরবময় সাফল্যে বেকামুড়া গ্রামের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং একে সমগ্র সিলেট বিভাগের গৌরব বলে অভিহিত করেছেন।


লেবার পার্টির প্রভাবশালী নেত্রী সাঈদা চৌধুরী দীর্ঘদিন ধরে পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলন, নারীর ক্ষমতায়ন, সামাজিক সম্প্রীতি এবং অভিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছেন। রেডব্রিজ কাউন্সিলের নিউবারি ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়া সাঈদা চৌধুরী সবসময়ই মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। এবার ডেপুটি মেয়রের আসনে ভূষিত হওয়ায় এলাকার শিক্ষা, আবাসন, পরিবেশ ও কমিউনিটি উন্নয়নে তিনি আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।


রেডব্রিজ বরোটি ইলফোর্ড, ওয়ানস্টেড ও বার্কিংসাইডসহ বিস্তীর্ণ এলাকা জুড়ে গঠিত, যেখানে বিপুলসংখ্যক ব্রিটিশ-বাংলাদেশি ও দক্ষিণ এশীয় মানুষের বসবাস। স্থানীয় প্রশাসনের অন্যতম শীর্ষ এই পদে একজন বাঙালি নারীর আসীন হওয়া প্রসঙ্গে স্থানীয় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, "সাঈদা চৌধুরীর এই বিজয় ব্রিটেনের মাটিতে আমাদের রাজনৈতিক সক্ষমতার প্রমাণ। তিনি তাঁর সততা ও কর্মদক্ষতা দিয়ে সিলেট তথা বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবেন।"


দায়িত্ব গ্রহণের পর কাউন্সিলর সাঈদা চৌধুরী তাঁর ভোটার, শুভাকাঙ্ক্ষী এবং লেবার পার্টির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি রেডব্রিজ বরোকে একটি নিরাপদ, বৈচিত্র্যময় ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad