শান্তিগঞ্জে প্রতারণা মামলার আসামি ‘স্বাধীন’ গ্রেপ্তার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা-পুলিশের অভিযানে ঢাকার চকবাজার থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি জাকারিয়া আহমদ স্বাধীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গণ অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
আজ শনিবার (২২ মে) ভোররাতে শান্তিগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়া আহমদ স্বাধীন শান্তিগঞ্জ উপজেলার আমদাবাজ গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার চকবাজার থানায় প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের একটি মামলায় জাকারিয়া আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম আল সুমনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ প্রথম সিলেটকে জানান, গ্রেপ্তার হওয়া জাকারিয়া আহমদ স্বাধীন ঢাকার চকবাজার থানার একটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। আজ শনিবার সকালে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফরহাদ আহমেদ ফয়সাল./ ডি আর ডি
মন্তব্য করুন: