পর্তুগালে সিলেটের এনসিপি নেতার ওপর ‘ডিম থেরাপি’
পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে এই ‘ডিম থেরাপি’ ও মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লিসবনের একটি পার্কে অবস্থানকালে কয়েকজন যুবক আকতার হোসেনের ওপর অতর্কিত ডিম নিক্ষেপ করেন। পরে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হলে একপর্যায়ে তিনি দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। হামলার শিকার মো. আকতার হোসেন এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
বাংলাদেশ সময় আজ শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামলার অভিযোগ করেন আকতার হোসেন। পোস্টে তিনি লিখেন, ‘পর্তুগালে এনসিপির দায়িত্বশীলদের সঙ্গে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’
পর্তুগালপ্রবাসী কয়েকজন বাংলাদেশি জানান, গত সপ্তাহে ব্যক্তিগত সফরে পর্তুগালে যান আকতার হোসেন। লিসবনের একটি পার্কে অবস্থানকালে সাবেক শাসক দল আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁর ওপর এই হামলা চালান।
ঘটনার বিষয়ে জানতে এনসিপি নেতা আকতার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে আজ শনিবার দুপুরে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তাঁর ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ একই সঙ্গে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভিডিওটি আমি দেখেছি। পর্তুগালে অবস্থানরত কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আকতার ভাইয়ের ওপর হামলা চালিয়েছে। প্রবাসের মাটিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এ রহমান
মন্তব্য করুন: