সোলার প্যানেলে কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে ছাদে মানববন্ধন
বাংলাদেশে সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর বিদ্যমান আমদানি করের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ ও জ্বালানি খাতের সংগঠকেরা। তাঁরা বলেছেন, উচ্চ করের কারণে সোলার প্রযুক্তির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
সোলার প্যানেল ও যন্ত্রাংশের ওপর থেকে সব ধরনের কর প্রত্যাহারের দাবিতে আজ সোমবার (২৫ মে) সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার একটি ভবনের ছাদে এক ব্যতিক্রমী মানববন্ধনের আয়োজন করা হয়। পরিবেশবাদী সংগঠন হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন এবং বিডব্লিউজিইডি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। দেশের নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ভবনের ছাদগুলোর সম্ভাবনা ও উপযোগিতা তুলে ধরতেই ছাদের ওপর এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়।
আয়োজকদের মূল দাবি সমূহ হলো-সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ সব যন্ত্রাংশের ওপর থেকে আমদানি শুল্ক ও কর প্রত্যাহার। আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিশেষ প্রণোদনা ও কর অবকাশ সুবিধা। সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকদের সোলার প্রযুক্তি ব্যবহারে সহজ শর্তে ঋণ সুবিধা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে বিদ্যুৎ খাতে ব্যয় ও ভর্তুকি দুই-ই বেড়েই চলেছে। এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) আবারও প্রায় ২১ শতাংশ বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব করেছে, যা সাধারণ জনগণের ওপর নতুন অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
এই পরিস্থিতিতে রুফটপ সোলার (ছাদের সোলার) টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে উল্লেখ করে বক্তারা আরও বলেন, উচ্চ আমদানি শুল্কের কারণে সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির দাম এখন আকাশচুম্বী। ফলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবারগুলো সোলার প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হলেও অতিরিক্ত খরচের কারণে তা বাস্তবায়ন করতে পারছে না।
হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভর সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফেড সুনামগঞ্জের সভাপতি মো. আবুল হোসেন, সহসভাপতি নুরুল হাসান আতাহের, সম্পাদক এ কে কুদরত পাশা, প্রভাষক ফজলুল করিম সাঈদ, তৃষ্ণা আক্তার রুশনা, আমিনুল হক, রিনা বেগম, কর্ণ বাবু দাস, তূর্য দাস, ইমরান হোসেন প্রমুখ।
এল আর রাজু/ ডি আর ডি
মন্তব্য করুন: