উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতি
তাহিরপুরের শ্রীপুর বাজারে সাংসদ কামরুলকে ঘিরে আশার আলো
ভাটি অঞ্চলের অবহেলিত জনপদ তাহিরপুরের মানুষের মুখে হাসি ফোটাতে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন এক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ঈদ পরবর্তী সময়ে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে এক আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ে মিলিত হন।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৫টায় শ্রীপুর বাজারে সাংসদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় জনতার মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তিনি সাধারণ মানুষের অতি সন্নিকটে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া ও মতামত অত্যন্ত মনোযোগের সঙ্গে গ্রহণ করেন।
উপস্থিত জনতার উদ্দেশ্যে এক প্রেরণাদায়ী বক্তব্যে সাংসদ কামরুজ্জামান কামরুল বলেন- আপনাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই আমি নিরলস কাজ করে যাচ্ছি। বিগত ১৭ বছরে এই এলাকায় যে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি, সেই স্থবিরতা ভেঙে আমরা এক নতুন ভোরের দিকে এগিয়ে যাব। এলাকার প্রতিটি ঘরে টেকসই উন্নয়ন পৌঁছে দিতে আমি নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ রক্ষা করে চলছি।
তিনি এলাকাবাসীকে নিজ নিজ এলাকার টেকসই উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “অধিকার আদায়ে আমাদের সোচ্চার হতে হবে। আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের এলাকার প্রধান প্রধান সমস্যা ও উন্নয়ন পরিকল্পনাগুলো লিখিত আকারে আমার কাছে জমা দিন। আমার সাধ্য ও ক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে আমি তা দ্রুত বাস্তবায়নের রূপরেখা তৈরি করব।”
হতাশা কাটিয়ে তাহিরপুরবাসীকে নতুন উদ্যোমে জেগে ওঠার প্রেরণা দিয়ে সংসদ সদস্য অত্যন্ত আনন্দের সঙ্গে জানান যে, বর্তমান সরকারের পক্ষ থেকে এই অঞ্চলের অবহেলিত মানুষের জন্য ইতোমধ্যে বড় অঙ্কের বিশেষ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। খুব শীঘ্রই এই এলাকায় দৃশ্যমান ও আধুনিক উন্নয়নমূলক কাজ শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর বিশেষ নজর এই সুনামগঞ্জের ওপর রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরে এলাকার উন্নয়নে শামিল হওয়ার উদাত্ত আহ্বান জানান।
একটি আদর্শ ও উন্নত সমাজ গঠনে যুবসমাজকে রক্ষা করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সাংসদ কামরুল। মাদকের কালো ছায়া থেকে তরুণদের বাঁচাতে তিনি প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার প্রেরণা দিয়ে এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সাফ জানিয়ে দেন:
তিনি বলেন, এই পুণ্যভূমিতে কোনো ধরনের মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি এই বিষাক্ত ব্যবসার সাথে সম্পৃক্ত থাকে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়ে এই এলাকা থেকে বিদায় করা হবে। শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ সমাজ ও সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে একযোগে সোচ্চার হতে হবে।
সাংসদের এই উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রায় সংহতি প্রকাশ করে এবং এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে উক্ত শুভেচ্ছা বিনিময়ে একঝাঁক স্থানীয় রাজনৈতিক অভিভাবক ও তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন—তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক চেয়ারম্যান খসরুল আলম, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইদুল কিবরিয়া, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদার (ইউপি), উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ, যুবদল নেতা কবির আহমেদ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, ৮নং ওর্য়াড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
সাংসদ কামরুজ্জামান কামরুলের এই প্রত্যয়ী ও আশাব্যঞ্জক বক্তব্য শ্রীপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের মনে এক নতুন উদ্দীপনা এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয় এনে দিয়েছে।
তাহির আহমদ/ শামসুল আলম আখন্জী
মন্তব্য করুন: