তাহিরপুরে কনেযাত্রী বোঝাই নৌকাডুবি: ৪ বছরের শিশু নিখোঁজ
সুনামগঞ্জের তাহিরপুরে কনে নিয়ে ফেরার পথে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ওবায়দুল নামের ৪ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। আজ শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওবায়দুল উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের তৌহিদ নূরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াঘাট গ্রাম থেকে কনে নিয়ে যাওয়ার জন্য কনেযাত্রীরা একটি নৌকায় করে রওয়ানা হয়েছিলেন। নৌকাটি নয়াবন্দ গ্রামের পশ্চিম দিকে পৌঁছালে হঠাৎ করে ডুবে যায়। নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে পারলেও ৪ বছরের শিশু ওবায়দুল পানির স্রোতে তলিয়ে যায়।
ঘটনার পর থেকেই নিখোঁজ শিশুকে উদ্ধারে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা যাদুকাটা নদী ও আশেপাশের জলাভুমিতে সন্ধান চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে বিষয়টি তাহিরপুর থানা-পুলিশকে অবগত করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম সিলেটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন--স্থানীয়রা আমাদের বিষয়টি জানিয়েছেন। তাহিরপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য জেলা সদর (সুনামগঞ্জ) থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুতই উদ্ধারকাজে অংশ নেবে।"
এদিকে বিয়ের আনন্দের মুহূর্তে এমন আকস্মিক দুর্ঘটনায় কনে ও বরের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনাস্থলের বাতাস।
শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি
মন্তব্য করুন: