টাঙ্গুয়ার হাওরে ২৪ ঘণ্টায়ও মেলেনি নিখোঁজ কিশোরের সন্ধান

টাঙ্গুয়ার হাওরে ২৪ ঘণ্টায়ও মেলেনি নিখোঁজ কিশোরের সন্ধান

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩১/০৫/২০২৬ ১৩:২১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে চলন্ত পর্যটকবাহী নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া কিশোর তামিমের (১৫) সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি। তাকে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার মামা মহসিন। এর আগের দিন একই এলাকায় নৌকা ডুবে এক শিশুর মৃত্যুর পর, পরপর দুই দিনে দুটি মর্মান্তিক দুর্ঘটনায় পর্যটক ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে ধর্মপাশা উপজেলা থেকে ২৫-৩০ জনের একটি পর্যটক দল নৌকা নিয়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় বেড়াতে যান। দিনভর হাওর ঘুরে বিকেলে তারা ট্যাকেরঘাটের নীলাদ্রি লেক এলাকায় পৌঁছান এবং সেখানে নৌকায় রাত যাপন করেন। পরদিন শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে ঘটে দুর্ঘটনাটি। চলন্ত নৌকার ছাদ থেকে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় কিশোর তামিম। সঙ্গে সঙ্গে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। সহযাত্রী ও স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে নেমে উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ তামিম জেলার ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনাস্থলটি জেলা সদর বা ফায়ার সার্ভিসের স্টেশন থেকে বেশ দূরবর্তী ও দুর্গম হওয়ায় উদ্ধার কাজে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই এলাকায় দুই দিনে পানিতে ডুবে দুটি দুর্ঘটনা ঘটল। শুক্রবার বিকেলে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আর শনিবার দুপুরে নিখোঁজ হয়েছে তামিম নামের এই কিশোর। দুর্গম ও দূরবর্তী এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো অত্যন্ত কঠিন। অনেক সময় ডুবুরি দল আসার আগেই মরদেহ ভেসে ওঠে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বর্ষা মৌসুমে টাঙ্গুয়ার হাওরে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে পর্যটকবাহী নৌকাগুলো চলাচল করে। চালকদের অসতর্কতা এবং পর্যটকদের লাইফ জ্যাকেট ব্যবহারে উদাসীনতার কারণেই বারবার এমন প্রাণহানির ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও চলন্ত নৌকার ছাদে দাঁড়িয়ে বা বসে যাতায়াত করার বিপজ্জনক প্রবণতা বন্ধ করা যাচ্ছে না।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোর তামিমকে উদ্ধারে পাটলাই নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তবে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে নিখোঁজ তামিমের পরিবারের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলেছে।

এ রহমান

মন্তব্য করুন: