ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়া সংগঠকের মৃত্যুতে এমপি মিলনের শোক
ছাতক শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সাইফুর রহমান শাহেদ মিয়া (৪০) নিহত হয়েছেন।
রবিবার (৩১ মে) বিকেলে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুর রহমান শাহেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য সর্বমহলে পরিচিত ছিলেন।
রাতে ছাতক পৌর শহরের বৌলা গ্রামে মরহুমের বাড়িতে যান সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন । এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সংসদ সদস্য বলেন, “সাইফুর রহমান শাহেদের মৃত্যু ছাতকের ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর নিকট মরহুমের জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা করছি।”
এদিকে, সাইফুর রহমান শাহেদের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সুজন তালুকদার/ ডি আর ডি
মন্তব্য করুন: