তাহিরপুরে পর্যটন এলাকায় প্রবেশে সতর্কতা অবলম্বনের আহ্বান এমপি কামরুলের

তাহিরপুরে পর্যটন এলাকায় প্রবেশে সতর্কতা অবলম্বনের আহ্বান এমপি কামরুলের

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

০১/০৬/২০২৬ ১৩:১৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশের দ্বিতীয় রামসার সাইট ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের অন্যতম আধার টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সব পর্যটন এলাকায় ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আজ সোমবার (১ জুন) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।


ফেসবুক বার্তায় তিনি সম্প্রতি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে অসাবধানতাবশত পাটলাই নদীতে পড়ে নিহত পর্যটক তামিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


এমপি কামরুজ্জামান কামরুল বলেন, “টাঙ্গুয়ার হাওর দেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অভয়ারণ্য। এ অঞ্চলের পরিবেশ, প্রতিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সব পর্যটককে দায়িত্বশীল আচরণ করতে হবে।”


তিনি পর্যটকদের উদ্দেশে কিছু জরুরি নির্দেশনা দিয়ে বলেন: হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি হাওরপাড়ের কৃষকদের জমি ও পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে।


ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য, পলিথিন ও কাচের বোতল কোনোভাবেই হাওরের পানিতে বা জমিতে ফেলা যাবে না; এগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।


যত্রতত্র কাচের বোতল বা প্লাস্টিক ফেলে রাখলে কৃষকরা জমিতে কাজ করার সময় মারাত্মকভাবে আহত হন এবং পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।


সংসদ সদস্য কামরুল সব পর্যটককে নৌভ্রমণ ও হাওর এলাকায় চলাচলের সময় বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরাসহ সব ধরনের নিরাপত্তা বিধি মেনে চলার অনুরোধ জানান। একই সঙ্গে হাওরের শান্ত পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় উচ্চশব্দে মাইক বা সাউন্ড সিস্টেম না বাজানোর জন্যও তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি

মন্তব্য করুন: