জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য, ভুল হলে ধরিয়ে দেবেন: এমপি কামরুল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী কলাগাঁও বাজার সংলগ্ন মাঠে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সভা সম্পন্ন হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুল নিজের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমরা ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। নির্বাচনের আগেও আমি বলেছি, নির্বাচনের পরেও বলছি জনগণই আমার আসল অভিভাবক; ক্ষমতার অহংকার নয়, জনগণের সেবক হয়ে আমি কাজ করতে চাই। মানুষ মাত্রই ভুল করতে পারে, কাজের ক্ষেত্রে আমারও কোনো ভুলত্রুটি হতে পারে। যদি আমি কোনো ভুল করি, তবে আপনারা তা খোলামনে ও সাহসের সাথে ধরিয়ে দেবেন। আমরা সবাই মিলে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।"
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সির সুচারু সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, অন্যতম সদস্য খসরুল আলম, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বালিজুড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাইদুল কিবরিয়া ও বিশিষ্ট বিএনপি নেতা শামছুল হক মেম্বার। সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় তাহিরপুর উপজেলা, শ্রীপুর উত্তর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ উৎসুক জনতা উপস্থিত ছিলেন, যা শেষ পর্যন্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক মিলনমেলায় পরিণত হয়।
প্রীতম দাস/এআর
মন্তব্য করুন: