শব্দদূষণ ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা
টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মৎস্যসম্পদ, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে হাউজবোটে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজিয়ে শব্দদূষণ করায় একটি হাউজবোটে অবস্থানরত যাত্রীদের বয়স ও পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে অপর একটি হাউজবোটের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে একটি সাউন্ডবক্স জব্দ করা হয়।
অভিযানের অপর একটি পর্যায়ে টাঙ্গুয়ার হাওরের বাফার জোনে অবৈধভাবে ‘চাই জাল’ ব্যবহার করে চিংড়ি নিধনের সময় তিনটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক অবস্থা বিবেচনায় ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, টাঙ্গুয়ার হাওর দেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)। এ অঞ্চলের জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে পরিবেশ ও জীববৈচিত্র্যবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শামছুল আলম আখঞ্জী/এআর
মন্তব্য করুন: