সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ওয়ানটিভি’র নতুন ওয়েবসাইটের উদ্বোধন
তথ্যপ্রযুক্তির আধুনিকতায় সমৃদ্ধ হয়ে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানটিভি’র অত্যাধুনিক নিউজ পোর্টাল ‘onetv24.com’। এই ওয়েব পোর্টালের মাধ্যমে এখন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী দর্শক ও পাঠকরা ওয়ানটিভি’র সর্বশেষ সংবাদ, বিশ্লেষণাত্মক প্রতিবেদন ও ভিডিও কনটেন্টসহ যাবতীয় তথ্য নিমেষেই উপভোগ করতে পারবেন।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা এবং কেক কেটে ওয়ানটিভি’র এই নতুন ডিজিটাল যাত্রার শুভ সূচনা করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সঠিক তথ্য পৌঁছে দিতে আধুনিক এবং গতিশীল ওয়েবসাইটের বিকল্প নেই। ওয়ানটিভি তাদের নতুন পোর্টালের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদের আহমেদ, সদস্য ও এপিপি শেরে নূর আলী, দৈনিক সুনামগঞ্জের ডাক-এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ এবং দৈনিক সুনামকণ্ঠ-এর সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
গণমাধ্যম ও সুধীজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিলুর রহমান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক সুনামগঞ্জের সময়-এর সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি শামস শামীম, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং ওয়ানটিভি’র কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ানটিভি কর্তৃপক্ষের পক্ষ থেকে ওয়েবসাইটের কারিগরি ও সম্পাদকীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্তৃপক্ষ জানান, onetv24.com ওয়েবসাইটটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি।
এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, পাঠক যেন খুব সহজেই মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো সংবাদ খুঁজে পান, সেভাবে তৈরি করা হয়েছে এর লেআউট। দেশ-বিদেশের ব্রেকিং নিউজ এবং লাইভ আপডেট মিলবে মুহূর্তের মধ্যেই। সংবাদের পাশাপাশি থাকবে উচ্চমানের ভিডিও কনটেন্ট, এক্সক্লুসিভ টকশো ও তথ্যচিত্র। সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণাত্মক প্রতিবেদন ও ফিচার।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা ওয়ানটিভি’র এই আধুনিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অপসাংবাদিকতা ও গুজবের ভিড়ে ‘onetv24.com’ একটি নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওয়ানটিভি কর্তৃপক্ষ। একই সাথে প্রযুক্তির সর্বোচ্চ সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে আরও আধুনিক, নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ সংবাদসেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রীতম দাস/ ডি আর ডি
মন্তব্য করুন: